জমি লিখে না দেওয়ায় বাবা-মাকে মারধর পুত্র গ্রেফতার

আপডেট : ২০ জুলাই ২০২২, ০২:১৬

কালিয়াকৈরে জমি লিখে না দেওয়ায় বাবা ও মাকে মারধরকারী সেই কুলাঙ্গার পুত্র মো. কবীর হোসেনকে মঙ্গলবার (১৯ জুলাই) সকালে উপজেলার চিনাইল গ্রামের নিজ বাড়ি থেকে কালিয়াকৈর থানা পুলিশ গ্রেফতার করে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার ঢালজোড়া ইউনিয়নের চিনাইল গ্রামের মো. নেলুমুদ্দিন (৬০) এর বড় ছেলে কবীর হোসেন পিতা-মাতাকে কোনো প্রকার ভরণপোষণ করে না। উল্টো তার নামে জমি লিখে দেওয়ার জন্য দীর্ঘদিন যাবত বাবা-মাকে বিভিন্ন রকম ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে আসছে। এ ঘটনার এক পর্যায়ে ১৩ জুলাই সন্ধ্যায় বড় ছেলে কবীর হোসেনের নেতৃত্বে পাঁচ/সাত জনের একদল সন্ত্রাসী কবিরের নামে জমি লিখে দেওয়ার জন্য পিতা মো. নেলুমুদ্দিনকে চাপ দেয়। তিনি জমি লিখে দিতে অস্বীকৃতি জানালে কবীর হোসেন ক্ষুব্ধ হয়ে তার পিতাকে এলোপাতাড়ি মারধর করে।

এ সময় মা বিলকিছ বেগম বাধা দিলে কবীর হোসেন ক্ষুব্ধ হয়ে তাকেও লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। পুত্রের রডের আঘাতে তিনি রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় মা-বাবাকে বাঁচাতে ছোট ছেলে রাসেল (২৬) এগিয়ে গেলে তাকেও  এলোপাতাড়ি মারপিট করে সন্ত্রাসীরা। আহত বাবা, মা ও ভাই কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় মো. নেলুমুদ্দিন বাদী হয়ে কবীরসহ সাত জনের নামে ১৪ জুলাই কালিয়াকৈর থানায়  লিখিত অভিযোগ দায়ের করেন। নানা টালবাহানার পর গতকাল সকালে উপজেলার চিনাইল গ্রামের নিজ বাড়ি থেকে বাবা, মাকে নির্যাতনকারী কবীর হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

কালিয়াকৈর থানার উপ-পুলিশ পরিদর্শক মো. সাইফুর রহমান মুন্সী বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নির্যাতিত পিতা মো. নেলুমুদ্দিনের অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। গ্রেফতারকৃত কবীরকে গাজীপুর কোর্ট হাজতে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এমএএম