মোরেলগঞ্জে ব্রিজ ভেঙে খালে দুর্ভোগে তিন ইউনিয়নবাসী

আপডেট : ২০ জুলাই ২০২২, ০৪:১৮

মোরেলগঞ্জ উপজেলার বারইখালী-বহরবুনিয়া ইউনিয়নের সীমান্তবর্তী খালের ব্রিজটি ভেঙে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারও মানুষ। জনগুরুত্বপূর্ণ এ ব্রিজ দিয়ে তিন ইউনিয়নের হাজার হাজার মানুষ ও শিক্ষার্থীর চলাচল করে।

সরেজমিনে জানা গেছে, এ ব্রিজটি দিয়ে প্রতি দিন ঘষিয়াখালী, ফুলহাতা, ফকিরবাড়ি, শনিরজোড়, কলেজ বাজার, কালিবাড়ি বাজার, সিরাজ মাস্টার বাজার, বহরবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকার লোকজন চলাচল করে। শিশু শিক্ষার্থী, বৃদ্ধ ও পথচারীরা নৌকায় পারাপার হতে ভয় পাচ্ছেন।

বহরবুনিয়া ইউনিয়নের বাসিন্দা অধ্যক্ষ আনসার আলী আঁকন, সাবেক মেম্বার ফোরকান হোসেন প্রিন্স, শিক্ষক শহিদুল ইসলাম খান, জাহাঙ্গীর শিকদার, গৃহিণী সালমা বেগম জানান, ২০-২৫ বছর পূর্বে এই ব্রিজটি নির্মিত হয়। বহরবুনিয়া, বারইখালী ও জিউধরার তিনটি ইউনিয়নের চলাচলের যোগাযোগ মাধ্যম এসবি বাজারের এ ব্রিজটিতে দীর্ঘদিন যাবত ঝুঁকি নিয়ে এলাকার লোকজন পারাপার হচ্ছিল। এখন ব্রিজটি ভেঙে পড়ায় তারা চরম দুর্ভোগে পড়েছে। অনতিবিলম্বে ব্রিজটি নির্মাণের দাবি জানান তারা।

বহরবুনিয়া ইউপি চেয়ারম্যান রিপন হোসেন তালুকদার বলেন, গত শনিবার সকাল ১০টার দিকে এসবি বাজারসংলগ্ন খালের ওপরে নির্মিত জনগুরুত্বপূর্ণ ব্রিজটি ভেঙে পড়ে। এর পর পরই বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, বহবুনিয়া ইউনিয়নে ব্রিজটি ভেঙে পড়ার বিষয়টি শুনে তাৎক্ষণিক সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তাকে পাঠানো হয়। জনদুর্ভোগ লাঘবের বিকল্প ব্যবস্থা গ্রহণের জন্য চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেছেন।

ইত্তেফাক/এমএএম