মহাদেবপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা গ্রেফতার ২

আপডেট : ২০ জুলাই ২০২২, ০৪:৪৬

মহাদেবপুরে পুলিশের ওপর হামলা, মারপিট ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তিন তরুণের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। 

সোমবার (১৮ জুলাই) রাত সোয়া ১২টায় মহাদেবপুর থানার এসআই মো. ফারুক হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এ মামলায় রাতেই স্থানীয় ডাকবাংলো মাঠের ড্রাগন ক্লাবের সামনে থেকে মো. ইউসুফ আলী মুগ্ধ (১৯) ও তনয় কুমার দেবকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে তাদের আদালতে হাজির করা হলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠায়। মামলার বাদী এসআই ফারুক হোসেন অভিযোগ করেন, সোমবার রাতে ডাকবাংলো মাঠের ড্রাগন ক্লাবের সামনে একদল তরুণ উচ্চৈঃস্বরে সাউন্ডবক্স বাজিয়ে উচ্ছৃঙ্খল আচরণ করছিল। এ সময় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে এসআই ফারুক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উচ্চস্বরে সাউন্ড বক্স বাজিয়ে উচ্ছৃঙ্খল আচরণ করতে নিষেধ করলে আসামিরা অকথ্য ভাষায় গালাগাল, সরকারি কাজে বাধা দেয় এবং বাঁশের লাঠি ও গাছের ডাল নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে এসআই ফারুক হোসেন ও কনস্টেবল আকবর হোসেন আহত হয়েছেন।

মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

ইত্তেফাক/এমএএম