পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আপডেট : ২০ জুলাই ২০২২, ০৬:২০

হবিগঞ্জের নবীনগঞ্জ ও জামালপুরের মেলান্দহ উপজেলায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিন জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ও সোমবার এসব দুর্ঘটনা ঘটে। আমাদের সংবাদদাতাদের পাঠানো খবর।

নবীগঞ্জ (হবিগঞ্জ) :ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পিকআপ ভ্যান চাপায় বাবা-ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলার কান্দিগাঁও নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কান্দিগাঁও গ্রামের ইউসুফ আলী (৫৫) ও তার ছেলে মোহাম্মদ আলী (৫)।

উপজেলার গজনাইপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য জাহেদ আহমেদ চৌধুরী জানান, আগামী ২৪ জুলাই একটি ফ্লাইটে ইউসুফ আলীর দক্ষিণ পূর্ব-এশিয়ার দেশ ব্রুনাইয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু দুর্ঘটনায় বাবা-ছেলের প্রাণ গেল। 

শেরপুর হাইওয়ে থানার ওসি পরিমল চন্দ্র দেব নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, ছেলে মাহাম্মদ আলীকে বিস্কুট কিনে দেওয়ার পর সে দৌড়ে মহাসড়কের মাঝখানে চলে যায়। এ সময় তাকে বাঁচাতে ইউসুফ আলী দৌড়ে গেলে পিকআপ ভ্যান চাপায় দুজনের মৃত্যু হয়।

মেলান্দহ (জামালপুর) :মেলান্দহে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মিন্টু (৫৫)। তিনি মেলান্দহ পৌরসভার আদিপৈত গ্রামের বাসিন্দা। সোমবার রাত সাড়ে ৮টায় কৃষি অফিসের সামনে মেইন রোডে দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে মেলান্দহগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক মিন্টু আহত হন। দ্রুত মেলান্দহ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিক্ষুব্ধ জনতা বাসটি আটক করলেও চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ বাসটি থানা হেফাজতে নেয়। অফিসার ইনচার্জ মায়নুল ইসলাম জানান, নিহতের স্বজনরা লাশ দাফন করেছেন। এ পর্যন্ত কোনো অভিযোগ দেয়নি।

ইত্তেফাক/এমএএম