নেত্রকোনা জেলা সদরের সঙ্গে সড়কপথে চলাচলকারী কেন্দুয়া সড়কটি চলাচলের অযোগ্য থাকায় স্হানীয়রা আটপাড়া উপজেলার তেলিগাতী ভায়া রামপুর বাজার দিয়ে কেন্দুয়ায় চলাচল করে আসছিলেন। কিন্তু অতিরিক্ত ও ভারী যানবাহন চলাচল করায় এই সড়কটিও এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
তেলিগাতি দিয়ে রামপুর বাজার এলাকায় প্রবেশমুখের সড়কটি ভেঙে এখন জনদুর্ভোগে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টি হলেই বড় বড় গর্তে পানি জমে থাকে। তখন যানবাহন চলাচলে সমস্যার সৃষ্টি হয়।
স্থানীয় বাসিন্দা শফিকর ইসলাম শফিক বলেন, নেত্রকোনায় যেতে হলে এখন তেলিগাতি হয়ে যেতে হয়। রামপুর-তেলিগাতী সড়কটিও নষ্ট হয়ে গেছে। এই সড়কটিও দ্রুত সংস্কারের প্রয়োজন।
আসুজিয়া ইউপি চেয়ারম্যান মঞ্জুর আলী বলেন, রামপুর-তেলিগাতী সড়কটি এলজিইডির। তাদেরকে এই সড়কটি মেরামতের জন্য বলা হয়েছে।
এ ব্যাপারে নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার শরিফ খান বলেন, সড়ক নির্মাণের কাজ চলছে। তবে কোনো কোনো এলাকায় জমি অধিগ্রহণ না হওয়াতে সড়কের কাজ থেমে গেছে। জেলা প্রশাসন থেকে জমি ঠিকাদারকে বুঝিয়ে দিলেই বাকি কাজ দ্রুত করা হবে। তখন আর দুর্ভোগ থাকবে না।
