নিয়ামতপুরে গত এক মাস ধরে পর্যাপ্ত বৃষ্টির দেখা নেই। আকাশে মেঘ ভেসে বেড়ালেও বৃষ্টি হচ্ছে না। আবার কোথাও বৃষ্টি হলেও তা আবাদের জন্য পর্যাপ্ত নয়। ফলে খরায় আউশ ও আমন ধানের খেত শুকিয়ে ফেটে যাচ্ছে। বৃষ্টি না হওয়ায় আমন আবাদ নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকরা।
উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কৃষক শাহিন আলী বলেন, ঠিকমতো বৃষ্টি হয় না। এভাবে চলতে থাকলে জমি পড়ে থাকবে, আবাদ করা যাবে না। তিনি আরো বলেন, যে জমিতে আউশ ধানের চারা লাগানো হয়েছে। সেসব ফসলের খেত ফেটে চৌচির হয়ে গিয়েছে। এদিকে আমন ধানের চারাও বড় হয়েছে। পানির অভাবে রোপণ করতে পারছি না। এ বছরই শুধু নয়, গত কয়েক বছর ধরেই আবহাওয়া এমন বিড়ম্বনায় ফেলছে।
উপজেলা শ্রীমন্তপুর ইউনিয়নের কৃষক মিজানুর বলেন, আমন আবাদের জন্য জমিতে চাষ দিয়েছি। কিন্তু এক ফোঁটা পানিও নেই। এ অবস্থায় কীভাবে আমন রোপণ করব, এ নিয়ে দুশ্চিন্তায় আছি।
নিয়ামতপুর উপজেলা কৃষি কর্মকর্তা আমীর আবদুল্লাহ ওয়াহিদুজ্জামান বলেন, বেশ কয়েক দিন থেকে অনাবৃষ্টি চললেও আমন চাষের এখনো সময় রয়েছে। তাছাড়া বিকল্প সেচ ব্যবস্থার মাধ্যমে ইতিমধ্যে ১০/১৫ ভাগ আমনের চারা রোপণ করা হয়েছে।

