পুলিশের সকল স্থাপনায় বিদ্যুতের ব্যবহার সীমিত রাখার নির্দেশ

আপডেট : ২১ জুলাই ২০২২, ০৯:৫৭

পুলিশের সকল স্থাপনায় বিদ্যুতের ব্যবহার সীমিত রাখার নির্দেশ দিয়েছেন পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।

জ্বালানি সংকটের বর্তমান প্রেক্ষাপটে বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি বিধিবিধান যথাযথভাবে প্রতিপালনার্থে বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার জন্য সকল পুলিশ ইউনিটকে নির্দেশনা প্রদান করেছেন তিনি।

বুধবার  (২০ জুলাই) পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এক সভায় এ নির্দেশনা প্রদান করেন আইজিপি।

তিনি বলেন, ‘জাতীয় স্বার্থে দেশের কল্যাণে আমাদেরকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।’

আইজিপি পুলিশ হেডকোয়ার্টার্সসহ বাংলাদেশ পুলিশের সকল স্থাপনায় বৈদ্যুতিক বাতি এবং এসির ব্যবহার সীমিত রাখার নির্দেশ দেন। তিনি দিনের বেলায় সূর্যের আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পরামর্শ প্রদান করেন।

সভায় পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিগণ এবং অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এসজেড