চন্দনাইশ উপজেলায় কৃষকরা আখ চাষে ঝুঁকে পড়ছেন। প্রতি বছরই বাড়ছে আখের চাষ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার দোহাজারী দিয়াকুল, চাগাচর ও শঙ্খ নদের তীরবর্তী খাগরিয়া, বৈলতলী, সাতবাড়িয়ার মোহাম্মদ খালীর বিস্তীর্ণ এলাকা জুড়ে আখের চাষাবাদ করা হয়েছে। আখের ফলনও ভালো হয়েছে। বাজারে দামও চড়া।
উপজেলার সাতবাড়িয়াস্হ মোহাম্মদখালী গ্রামের আখচাষি মো. আবদুল মালেক জানান, এবার তিনি ৮০ শতক জমিতে আখের চাষ করেন। এতে আখ রোপণ থেকেই মোট ১ লাখ টাকা খরচ হয়েছে। বর্তমানে বাজারে আড়াই থেকে তিন লাখ টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন।
খাগরিয়ার চাষি হারুন বলেন, আখ চাষে যেমন খরচ কম, তেমনি ভালো লাভবান হওয়া যায়। স্বল্প শ্রমে অধিক লাভের ফলে অধিকাংশ কৃষকরা এখন আখ চাষের দিকে ঝুঁকে পড়ছে।
এ ব্যাপারে চন্দনাইশ উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতিরাণী সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বছর উপজেলায় প্রায় ১৫০ হেক্টর জমিতে আখের চাষাবাদ করা হয়েছে। তিনি আরও বলেন, আখ ছাড়াও বিভিন্ন জাতের সবজি চাষে কৃষকরা যাতে লাভবান হতে পারেন সেসব বিষয়ে মাঠ পর্যায়ে পরামর্শ দেওয়া হয়।
