নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে উইয়ের উদ্যোগে প্রশিক্ষণ

আপডেট : ২২ জুলাই ২০২২, ১৯:০৬

নারী উদ্যোক্তাদের সংগঠন ‘উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট (উই)’-এর আয়োজনে চলছে সফট স্কিল উন্নয়নে বছরব্যাপী প্রশিক্ষণ। গতকাল গুলশানে অবস্হিত ভারত ভবনে এবারের প্রশিক্ষণ ক্লাস অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের বিষয় ছিল ‘অল অ্যাবাউট টাইম অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্ট’।

ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে ভারতীয় দূতাবাস উইকে এই চমত্কার ট্রেনিং সেশন উপহার হিসেবে দিয়েছে, যার মাধ্যমে উইয়ের নারী উদ্যোক্তারা তাদের সফট স্কিল এবং সেই সঙ্গে তাদের উদ্যোগকে সবার সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে কাজ করতে পারেন।

প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগের সঙ্গে কথা বলে জানা গেছে, উইয়ের যারা সাবস্ক্রাইবার এবং নিয়মিত উদ্যোক্তা, সবার জন্যই এই প্রশিক্ষণ কর্মশালা উন্মুক্ত। আয়োজনটির সার্বিক সহযোগিতায় কাজ করছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় দূতাবাস, বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশন এবং সিল্কক গ্লোবালের সিইও, উইয়ের বৈশ্বিক উপদেষ্টা সৌম্য বসু।

উইয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি নাসিমা আক্তার নিশা বলেন, ‘আমরা সব সময় চাই উইয়ের হাত ধরে নারীরা এগিয়ে যাক। তারা অবদান রাখুক দেশের অর্থনৈতিক উন্নয়নে। আর তাদের এগিয়ে যাওয়ার পথ তৈরি করে দিচ্ছি আমরা, যাতে করে নারীদের আর ঘরবন্দি হয়ে থাকতে না হয়। উইয়ের হাত ধরে তারা উঠে আসতে পারে দেশের যেকোনো প্রান্ত থেকে। আমরা আমাদের উদ্যোক্তাদের ব্যবসায়ের নানা রকম সমস্যা ও সম্ভাবনার কথা জানাতে চাই। তাই সরকার, ভারতীয় দূতাবাস ও সিল্কক গ্লোবালের পূর্ণ সহযোগিতায় এবার বছরব্যাপী আটটি ক্লাসের আয়োজন করছি, যেটা শেষে আমাদের উদ্যোক্তারা সার্টিফিকেটও পাবেন।’

সফট স্কিলের এই প্রশিক্ষণে অংশগ্রহণ করার জন্য রেজিস্ট্রেশন করতে হবে-weforumbd.com 

ইত্তেফাক/এএএম