মুন্সীগঞ্জের সমষপুরে বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া সরকারি জিপে থাকা গোপালগঞ্জের ডিসি শাহিদা সুলতানা অল্পের জন্য বেঁচে গেলেন। ডিসিসহ জিপের সবাই অক্ষত আছেন।
শুক্রবার (২২ জুলাই) দিনগত রাত সোয়া ৯টার দিকে ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের সমষপুরে চন্দ্রা পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে গাড়ির পেছনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে গোপালগঞ্জের জেলা প্রশাসক বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পান। খবর পেয়ে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটোয়ারী দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, গোপালগঞ্জ থেকে জেলা প্রশাসক শাহিদা সুলতানা ঢাকায় যাচ্ছিলেন। এসময় মাদারীপুর থেকে ঢাকাগামী বাস জিপটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে জেলা প্রশাসকের গাড়ির পেছনের অংশ ও বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার পরপরই বাসের চালক পালিয়ে যায়।
হাঁসাড়া হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই জহিরুল ইসলাম জানান, বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটোয়ারী জানান, দুর্ঘটনায় জিপটি ক্ষতিগ্রস্ত হলেও জিপের আরোহী সকলে সুস্থ আছেন। পরে ক্ষতিগ্রস্ত জিপটি নিয়েই জেলা প্রশাসক ঢাকার পৌঁছান।

পাঁচবিবিতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত