জাতীয় মৎস্য সপ্তাহ শুরু আজ

আপডেট : ২৩ জুলাই ২০২২, ০৯:০৪

আজ শনিবার থেকে শুরু হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ। এ বছর জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নিরাপদ মাছে ভরব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’। নিরাপদ মাছ উৎপাদন বৃদ্ধিতে দেশের জনগণকে আরো সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে এবারের মৎস্য সপ্তাহ উদ্যাপন করা হচ্ছে। এ উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রতি বারের মতো এবারও জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রাজধানীসহ সারা দেশে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। সপ্তাহের প্রথম দিন আজ সকাল ৮টায় মানিক মিয়া অ্যাভিনিউতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এরপর সকাল ১০টায় মৎস্য ভবনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম সংবাদ সম্মেলন করবেন। বিকাল ৪টায় হাতিরঝিলে বর্ণাঢ্য নৌ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

সপ্তাহের দ্বিতীয় দিন আগামীকাল রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ৯টা ৫০ মিনিটে গণভবন লেকে মাছের পোনা অবমুক্ত করবেন এবং সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভাচু‌র্য়ালি সংযুক্ত হয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করবেন। এ অনুষ্ঠানে দেশের মত্স্য খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্ষেত্রে জাতীয় মৎস্য পদক প্রদান করা হবে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তৃতীয় দিন ২৫ জুলাই বিকাল ৫টায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গভবন পুকুরে মাছের পোনা অবমুক্ত করবেন। পঞ্চম দিন ২৭ জুলাই জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবন লেকে মাছের পোনা অবমুক্ত করবেন।

এছাড়া বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রসংলগ্ন মাঠে তিন দিনব্যাপী কেন্দ্রীয় মৎস্য মেলা অনুষ্ঠিত হবে। দেশের সব জেলা-উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি পালন করা হবে।

ইত্তেফাক/এমআর