আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি চেয়ে পুলিশের দ্বারস্থ সালমান

আপডেট : ২৩ জুলাই ২০২২, ০৯:২৬

পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালাকে খুনের পর পরই বলিউড অভিনেতা সালমান খান এবং তার বাবা সেলিম খানকে হুমকি চিঠি পাঠিয়েছিল গ্যাংস্টাররা। সেই ঘটনার এক মাস পরে মুাম্বইয়ের পুলিশ কমিশনারের দ্বারস্থ হোন সালমান। 

শুক্রবার (২২ জুলাই) বিকেল ৪টা নাগাদ মুম্বাই পুলিশ কমিশনার বিবেক পানসলকরের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অভিনেতা।

সংবাদমাধ্যম সূত্রের খবর, হুমকি চিঠি পাওয়ার পর থেকেই নিজের সুরক্ষা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন ‘ভাইজান’। এমনকি এ বছর ঈদের দিনেও ঘর থেকে বাইরে বেরোননি সালমান। অন্যান্য বছরের মতো ভক্তদের সঙ্গে দেখা করে শুভেচ্ছা জানাননি। এ বার নিজের কাছে আগ্নেয়াস্ত্র রাখার লাইসেন্স চাইতে পুলিশের কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন তিনি। 

এর আগে সেলিমের নিরাপত্তা কর্মীরা যে হুমকি চিঠি উদ্ধার করেছিলেন, তা নিয়ে ইতিমধ্যেই এফআইআর দায়ের হয়েছে। এই ঘটনায় সিধু মুসে ওয়ালার হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকেই সন্দেহ করা হচ্ছে। এর আগে কৃষ্ণসার হরিণ-কাণ্ডে সালমানকে হুমকি দিয়েছিলেন এই লরেন্সই। এ বারের ঘটনায় গ্যাংস্টারের সহযোগীদের জেরা করার পরে সালমানের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। আনন্দবাজার

ইত্তেফাক/এসজেড