আনসার সদস্যকে কুপিয়ে হত্যার অভিযোগ 

আপডেট : ২৩ জুলাই ২০২২, ১০:৩৬

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় আব্দুল কুদ্দুস (৪০) নামের একজন আনসার সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মো. শাহিন নামের (২৭) আরেকজন আনসার সদস্যকে আটক করেছে পুলিশ। 

শনিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ঘিওর উপজেলা পরিষদ চত্বর থেকে মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। 

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহম্মেদ বিপ্লব বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত আব্দুল কুদ্দুসের বাড়ি দৌলতপুর উপজেলার হাতকোড়া এলাকায়। তিনি ঘিওর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে নাইট গার্ড হিসেবে কাজ করতেন। 

ওসি রিয়াজ উদ্দিন আহম্মেদ বিপ্লব বলেন, ‌‌সকাল ৬টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। তৎক্ষণাৎ বিভিন্ন আলামত সংগ্রহ করি। এবং মো. শাহিনকে উপজেলার আনসার কার্যালয় থেকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি বলেন, শাহিন ও কুদ্দুসের মধ্যে মাঝে মাঝে ঝগড়া হতো। শাহিন কুদ্দুসকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে জানা যায়। প্রাথমিকভাবে হত্যার বিষয়ে শাহিন সব স্বীকার করেছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইত্তেফাক/মাহি