উল্লেখযোগ্য ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ সাধারণ প্রশাসন ও ব্যবস্থাপনা ক্যাটাগরিতে প্রাতিষ্ঠানিক পর্যায়ে সরকার এ বছর পররাষ্ট্র মন্ত্রণালয়কে ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২২’ প্রদান করেছে। শনিবার (২৩ জুলাই) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন’ এবং ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২২ প্রদান’ অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীর পক্ষ থেকে পদকটি গ্রহণ করেন।
এতে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। প্রধানমন্ত্রীর পক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সচিব মাসুদ বিন মোমেনের হাতে পদক তুলে দেন। এ সময়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান এমপি, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন সেল’ কর্তৃক গৃহীত ‘বঙ্গবন্ধু ও তার শান্তি দর্শন: আন্তর্জাতিকীকরণ ও বিশ্ব রাজনীতিতে প্রাসঙ্গিকতা’ নামক উদ্যোগের মাধ্যমে ‘বঙ্গবন্ধুর কূটনৈতিক দর্শন: বহুপাক্ষিকতাবাদ ও শান্তির কূটনীতিকে’ বিশ্বপরিমন্ডলে আন্তর্জাতিকীকরণের জন্য এ পদক প্রদান করা হয়।
গতানুগতিক নিয়মিত দায়িত্ব সম্পাদন ও সেবা প্রদান কার্যক্রমের বাইরে গিয়ে গত দুই বছরে (মার্চ ২০২০ - মার্চ ২০২২) পররাষ্ট্র মন্ত্রণালয়ের বেশ কয়েকটি মৌলিক, অনন্য ও বিশেষায়িত কার্যক্রম বাস্তবায়নের সমন্বিত ফলস্বরূপ এই স্বীকৃতি প্রদান করা হয়েছে।
সম্মেলনে সর্বসম্মতভাবে গৃহীত ‘ঢাকা পিস ডিক্লেয়ারেশন-২০২১’ কে জাতিসংঘের ডকুমেন্ট হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সম্প্রতি জাতিসংঘের মহাসচিবকে অনুরোধ জানিয়ে পত্র প্রেরণ করেছেন যা বর্তমান বিশ্বে চলমান অস্থিরতা নিরসনে এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বর্পূণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই গৌরবময় অর্জনসমূহই এই মর্যাদাপূর্ণ পদক প্রাপ্তিতে গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করেছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপি এবং পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন এই গৌরবময় অর্জনের পেছনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা, কর্মচারী এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে নিয়োজিত রাষ্ট্রদূত, হাইকমিশনার ও মিশনপ্রধানসহ সকল কর্মকর্তা-কর্মচারীদের অক্লান্ত পরিশ্রম ও অবদানের জন্য তাদেরকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
তারা আশা প্রকাশ করে বলেছেন, এই পদক প্রাপ্তি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীকে আরও উজ্জীবিত করবে ফলে মন্ত্রণালয়ের কার্যক্রম আরও বেগবান হবে যা অদূর ভবিষ্যতে বাংলাদেশের পররাষ্ট্রনীতি তথা বাংলাদেশের মর্যাদাকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে।
