জুনিয়রদের দায়িত্ব বাংলাদেশ ক্রিকেটকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়া: সোহান

আপডেট : ২৪ জুলাই ২০২২, ১৪:২৫

আসন্ন জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজের জন্য সম্পূর্ণ তারুণ্যনির্ভর দল গঠন করেছে বাংলাদেশ। এবারই প্রথম কোনো সিরিজে চার সিনিয়র সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে রাখা হয়নি। প্রথমবারের মতো নেতৃত্বের গুরুদায়িত্ব পড়েছে উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহানের কাঁধে।

আজ (২৪ জুলাই) মিরপুরে অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর প্রথমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন সোহান। সেখানে উঠে আসে সিনিয়রদের না থাকার প্রসঙ্গও। তবে এতে কোনো চাপ দেখছেন না তিনি। বিষয়টিকে জুনিয়রদের জন্য চ্যালেঞ্জ ও সুযোগ হিসেবেই দেখছেন।

সিনিয়ররা না থাকায় দলে কোনো প্রভাব পড়বে কিনা, এমন প্রশ্নের জবাবে সোহান বলেন, ‘সিনিয়র যারা আছে তাদের অবদান একটা-দুইটা কথায় বলে শেষ করতে পারবো না। সবকিছু একটা প্রসেসের ভেতরে আছে এবং আমাদের জন্য এটা সুযোগ। তারা বাংলাদেশ টিমকে একটা জায়গায় নিয়ে এসেছে। যারা আমরা জুনিয়র আছি বা খেলতেছি, তাদের এখন দায়িত্ব হচ্ছে পরবর্তী ধাপে নিয়ে যাওয়া। আমাদের সবার জন্য এটা সুযোগ।’

ইত্তেফাক/টিএ