জীবননগরে বয়লার বিস্ফোরণে নিহত ১ 

আপডেট : ২৪ জুলাই ২০২২, ১৫:১০

চুয়াডাঙ্গার জীবননগরে বয়লার বিস্ফোরণে ফয়সাল হোসেন নামে (২২) এক শ্রমিক নিহতের ঘটনা ঘটেছে। রবিবার (২৪ জুলাই) দুপুরে জীবননগর উপজেলার পিয়ারাতলা নামক স্থানে মা-বাবা এগ্রো ফুড অটো রাইছ মিলে এ ঘটনা ঘটে। 

নিহত ফয়সাল হোসেন জীবননগর উপজেলার লক্ষীপুর গ্রামের কামাল হোসেনের ছেলে এবং মা-বাবা এগ্রো ফুড অটোরাইচমিলের শ্রমিক।

প্রত্যক্ষদর্শী মো. রাকিব হাসান জানান, ফয়সাল হোসেন রবিবার বেলা পৌনে ১২ টার সময় মা-বাবা এগ্রো ফুড অটোরাইচমিলের পুরাতন একটি বয়লারে মেরামতের কাজ করছিলেন। হঠাৎ করেই বিকট শব্দে বয়লারটি বিস্ফোরিত হয়। বিস্ফোরিত বয়লারের আঘাতে ফয়সাল হোসেনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।

জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল খালেক জানান, জীবননগর উপজেলার পিয়ারাতলা গ্রামে বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

ইত্তেফাক/এমএএম