চলতি মৌসুমে পাবনায় পাটের ফলন ভালো হয়েছে। কিন্তু পানির অভাবে জাগ নিতে না পারায় বেশির ভাগ পাটগাছ শুকিয়ে নষ্ট হচ্ছে জমিতেই। পাবনা সদরসহ সুজানগর, আটঘরিয়া, ঈশ্বরদী, চাটমোহর ভাঙ্গুড়া ও ফরিদপুরসহ বিভিন্ন স্থানে ঘুরে পাটচাষিদের এমন দুর্দশা দেখা যায়।
খয়েরবাড়ি গ্রামের কৃষক রবিউল বললেন, আশপাশের কোথাও জাগ দেওয়ার মতো পানি না থাকায় তার দুই বিঘা জমির পাট কেটে প্রায় পাঁচ কিলোমিটার দূরের একটি জলাশয়ে নিয়ে যেতে হয়েছে। এতে করে তার পরিবহন খরচ বেড়ে গেছে। বেড়েছে শ্রমিকের মজুরি খরচও।
সদরের নাজিরপুর গ্রামের মোস্তফা বলেন, জাগ দেওয়ার জন্য পর্যাপ্ত পানি না পাওয়ায় চার বিঘা জমির পাট এখনো কাটতে পারিনি। জমিতেই অনেক গাছ নষ্ট হয়ে গেছে। সেগুলো থেকে আর আঁশ পাওয়া যাবে না।
পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাইফুল আলম জানান, চলতি বছর জেলার ৪০ হাজার ৫০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। তিনি বলেন, পাট জাগ দিতে যাতে কৃষকদের কোনো সমস্যা না হয় সেজন্য ইতিমধ্যে সেচ প্রকল্পের ক্যানেলগুলোতে পানি সরবরাহ নিশ্চিতের জন্য পানি উন্নয়ন বোর্ডকে চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি স্লুইসগেইট খুলে বিলে পানি ঢোকানোর ব্যবস্থা নিতে বলা হয়েছে।
