ফুলবাড়ীতে বাড়তি দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল

আপডেট : ২৪ জুলাই ২০২২, ১৭:২১
সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৪ টাকা কমিয়ে ১৮৫ টাকা নির্ধারণ করা হলেও দিনাজপুরের ফুলবাড়ীর হাটবাজারের বেশির ভাগ দোকানেই আগের দামে বিক্রি হচ্ছে। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ।
 
শিক্ষক আনোয়ার হোসেন বলেন, সরকার সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৪ টাকা কমিয়ে দিয়েছে। যাতে করে ক্রেতারা যেন সয়াবিন কিনতে এসে একটু স্বস্তি পান। কিন্তু বাজারে কিনতে এসে দেখা যাচ্ছে আগের দামেই তেল বিক্রি হচ্ছে।
 
ফুলবাড়ী বাজারের একজন সয়াবিন তেলের এজেন্ট নাম প্রকাশ না করার শর্তে বলেন, সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম কমালেও কোম্পানিগুলো এখন পর্যন্ত নতুন মূল্যেও বোতলজাত সেই তেল আমাদের সরবরাহ করেনি। এ কারণে আগের মূল্যেই তেল বিক্রি করতে হচ্ছে। দাম কমলেও কোম্পানি দায়দায়িত্ব নিচ্ছে না। আবার বর্তমান মূল্যে বিক্রি করলে তাতে প্রত্যেক ছোট-বড় দোকানদারকে আর্থিকভাবে লোকসান গুনতে হবে।
 
এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন বলেন, কেউ যদি পণ্যের মূল্য বৃদ্ধি করে বিক্রি করে তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হবে। 
ইত্তেফাক/এআই