এবার চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় গাইলেন পাবেল

আপডেট : ২৪ জুলাই ২০২২, ১৭:৩১

‘শিল্পী’ নাটকে ‘বুক চিন চিন করছে’ ও ‘বিধি তুমি বলে দাও’ শিরোনামের গান দুটি দ্বৈতকণ্ঠে গেয়ে গত বছর আলোচনায় উঠে আসেন সংগীতশিল্পী জাহেদ পারভেজ পাবেল। গানটিতে ছেলে ও মেয়ে উভয়ের কণ্ঠ দিয়ে প্রশংসাও লাভ করেন এই তরুণ। এরপর চলতি বছর একটি নাটকে ‘টুকরো টুকরো করে দেখো আমার এই অন্তর’ নামে একটি রিমেক গানেও গণ্ঠ দেন তিনি। এই গানটিও প্রশংসায় ভাসে।

এবার প্রথমবারের মতো নিজের আঞ্চলিক ভাষায় গাইলেন পাবেল। ‘কমলা’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন আদিব কবির।

ঈদুল আজহায় রুবেল হাসান পরিচালিত ‘চাটগাঁইয়া গোলমাল’ নাটকে ব্যবহার করা হয়েছে আঞ্চলিক ভাষার গানটি।
 
পাবেল বলেন, প্রথমবারের মতো নিজের আঞ্চলিক ভাষায় (চাটগাঁইয়া) মজার একটি মৌলিক গান করলাম। গানটি তারকাবহুল ‘চাটগাঁইয়া গোলমাল’ নাটকে শোনা যাবে। আমাদের দেশের অনেক মানুষ চট্টগ্রামের আঞ্চলিক ভাষার নাটক দেখার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করে থাকেন। আর আমি যেহেতু চট্টগ্রামেরই ছেলে, এ কারণে গানটি নিয়ে আমি একটু বেশিই এক্সসাইটেড। গান ও নাটক দুটোই বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের ভালো লাগবে।

 

 

ইত্তেফাক/বিএএফ