নড়াইলের লোহাগড়া উপজেলায় ভিজিএফ-এর চাল আত্মসাতের অভিযোগে দায়ের করা দুদকের মামলায় কাশিপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. মতিয়ার রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। একইসঙ্গে ব্যবসায়ী মো. শাহাবুর রহমানকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। রবিবার (২৪ জুলাই) দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শেখ মোহা. আমীনুল ইসলামের আদালতে আসামিরা হাজির হয়ে জামিনের আবেদন করলে আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামি পক্ষের আইনজীবী উত্তম কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে মামলার অপর আসামি খাদ্যগুদাম কর্মকর্তা কামরান হোসেন হাজিরা দেননি।
গত ১৯ মে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় যশোরের সহকারী পরিচালক মোহা. মোশাররফ হোসেন যশোর সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলাটি করেন। এরপর আসামিরা উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন। হাইকোর্টের নির্দেশনা মোতাবেক ২৩ জুলাই জামিনের দিন শেষ হলে রবিবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন চেয়ারম্যান ও ব্যবসায়ী।
উল্লেখ্য, ২০১৯ সালে ঈদুল আজহায় গরিব মানুষের মধ্যে বিতরণের জন্য ৪১.৫ মে.টন বরাদ্দকৃত চাল থেকে ৩.৬ মে.টন চাল ব্যবসায়ী মো. শাহাবুর রহমানের কাছে বিক্রি করা হয়। ৯ আগস্ট দুপুরে খাদ্যগুদাম থেকে এই চাল বের করে নিয়ে যাওয়ার সময় নড়াইল-যশোর সড়কের সারুলিয়া চায়না প্রজেক্টের সামনে থেকে নসিমনসহ ১২০ বস্তা জব্দ করে পুলিশ।
