গাজীপুরে এসির কম্প্রেসার বিস্ফোরণে নিহত ২

আপডেট : ২৪ জুলাই ২০২২, ২১:০২

গাজীপুরের হোতাপাড়ায় এসির কম্প্রেসার বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। রবিবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার মনিপুর এলাকার এলিগ্যান্ট গার্মেন্টসে এ ঘটনা ঘটে। জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাতাফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন-কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার কালিদাসপুর গ্রামের মতিউর রহমানের ছেলে সাগর ইসলাম (২৪)  ও ফরিদপুর জেলার সদরপুর থানার নইরশি গ্রামের জয়নাল তালুকদারের ছেলে সোহেল ইসলাম (২৫)। সাগর এলিগ্যান্ট গার্মেন্টসে এসি ইলেকট্রিশিয়ান পদে কর্মরত ছিলেন।

ওসি মাহাতাফ উদ্দিন জানান, এলিগ্যান্ট গার্মেন্টসে এসির কম্প্রেসার মেরামত করার সময় হঠাৎ বিস্ফোরণ হয়।  এতে সাগর ও সোহেল গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানকার চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

 

ইত্তেফাক/ইউবি