ঈশ্বরদীতে দু’গ্রুপের গোলাগুলি, আহত ১৫

আপডেট : ২৪ জুলাই ২০২২, ২২:১৭

পাবনার ঈশ্বরদীতে হাটইজারার আধিপত্য নিয়ে দু’পক্ষের গোলাগুলিতে ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। রবিবার (২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের চরকুরুলিয়া গ্রামে নছিরের ঘাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, চড়গড়গরি আলহাজ্ব মোড়ের দৈনিক হাটের ইজারা পান চরকুরুলিয়ার আবদুল্লাহ আল কাফি। অপরদিকে চরগড়গড়ি মাদরাসা মোড়ের হাটের ইজারা পান একই গ্রামের গোলাম সারোয়ার। দৈনিক হাট ও সাপ্তাহিক হাটের ইজারা নিয়ে দু’পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এরই জের ধরে রবিবার সন্ধ্যায় চরকুরুলিয়ার নছিরের ঘাটে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে দু’পক্ষের ১৫ জন আহত হয়। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে এবং রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের নাম জানা যায়নি।

ঘটনাস্থলে উপস্থিত থানার ওসি (তদন্ত) হাদিউল ইসলাম জানান, হাট নিয়ে দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। এলাকাবাসী গোলাগুলি হয়েছে বলে জানিয়েছেন। আহতদের মধ্যে ২-৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রাজশাহী মেডিক্যাল নিয়ে যাওয়া হয়েছে। রাত ৮ টা ৪৫ মিনিটের দিকে পরিস্থিতি শান্ত হয়। অতিরিক্ত পুলিশ এনে এলাকায় মোতায়েন করা হয়েছে। আহতদের নাম জানা যায়নি।

হাটের আধিপত্য নিয়ে বেশ কিছুদিন ধরে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার পি এম ইমরুল কায়েস।

ইত্তেফাক/এএএম