নেত্রকোনার পূর্বধলায় ট্রাকের চাপায় ব্যাটারি চালিত অটোরিকশার ২ আরোহী ঘটনাস্থলেই নিহত এবং আরও ৫ জন আহত হয়েছেন।
সোমবার (২৫ জুলাই) সকাল ৮টার দিকে পূর্বধলা উপজেলার মহিষবেড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পূর্বধলা উপজেলার শালতীঘা গ্রামের সুরুজ আলী (৬৫) ও একই উপজেলার গৌরাকান্দা গ্রামের শাহজাহান মিয়া (৩০)।
পূর্বধলার শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এস আই) নাজমুল শাকিব ঘটনা নিশ্চিত করে বলেন, ‘আজ সকাল ৮টার দিকে দুর্গাপুরগামী একটি দ্রুতগামী ট্রাক মহিষবেড় এলাকায় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সুরুজ আলী এবং শাহজাহান মারা যান। পরে গুরুতর আহত আরও ৫ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।’
এ ঘটনায় ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে বলে জানান এস আই নাজমুল শাকিব।
