মনে হচ্ছে বার্সায় এসেছি মাস হয়ে গেছে: লেভানডফস্কি

আপডেট : ২৫ জুলাই ২০২২, ১৫:২২

মাত্র এক সপ্তাহ থেকে কিছু বেশি সময় হয়েছে বায়ার্ন মিউনিখ ছেড়ে বার্সেলোনায় এসেছেন রবার্ট লেভানডফস্কি। বাংলাদেশ সময় রবিবার (২৪ জুলাই) সকালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে তার অভিষেকও হয়ে গেছে। গোল না পেলেও পারফরম্যান্স দিয়ে নজর কেড়েছেন। এই অল্প সময়ের মধ্যেই ক্লাবটিকে সুখ খুঁজে পেয়েছেন বলে জানিয়েছেন পোলিশ স্ট্রাইকার।

বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছে বার্সেলোনা। সেখানেই দলের সঙ্গে প্রথমবার যোগ দেন লেভানডফস্কি। সামনে জুভেন্টাসের বিপক্ষে প্রীতি ম্যাচ রয়েছে। সেটির প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন এই ফুটবলার। বার্সা টিভিকে তিনি বলেন, ‘আগামী ম্যাচ ও অনুশীলনের দিকে তাকিয়ে আছি। কারণ, আমরা বিশ্বাস করি ভালো কিছু আসছে।’

রবার্ট লেভানডফস্কি বলেন, ‘এখানে আসতে পেরে এবং দলটির অংশ হতে পারায় আমি খুবই খুশি। এখানে আসছি মাত্র কয়েকদিন হয়েছে বলে মনেই হয় না, মনে হচ্ছে মাসখানেক হয়ে গেছে। সতীর্থ এবং স্টাফ সবার কাছ থেকেই সমর্থন পাচ্ছি।

আমি ধাপে ধাপে আগাবো। দলে খুবই ভালো অনুভব করছি। আমাকে এখানে পেয়ে সতীর্থরাও খুশি। আমার মানিয়ে নেওয়াটা সহজ হবে। কারণ, বার্সেলোনা এমন একটি দল, যারা সবসময় গোল করা এবং জেতার জন্য মুখিয়ে থাকে।’

রিয়াল মাদ্রিদের বিপক্ষে অভিষেক প্রসঙ্গে তিনি বলেন, ‘যদিও এটা প্রীতি ম্যাচ ছিল, তবু ক্লাসিকো মানে ক্লাসিকো এবং তা সবসময়ই ভিন্ন এবং বিশেষ। পারফরম্যান্স নিয়ে আমরা খুশি। আমরা সবসময় জেতার চিন্তা করি।’

ইত্তেফাক/টিএ