বিরামপুরে বৃষ্টির পর আমন রোপণে ব্যস্ত কৃষক

আপডেট : ২৫ জুলাই ২০২২, ১৭:৫৯

ভরা বর্ষায় প্রচণ্ড খরা ও দাবদাহের পর অবশেষে শ্রাবণের প্রথম সপ্তাহ পেরিয়ে রবিবার (২৪ জুলাই) বিরামপুরে কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা মিলেছে। মধ্যরাত থেকে রবিবার সকাল পর্যন্ত বৃষ্টির পর কৃষকরা আমন রোপণের লক্ষ্যে জমি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন।

জানা যায়, বর্ষাকালের আষাঢ় মাসে এ এলাকায় বৃষ্টিপাত না হওয়ায় কৃষকরা আমন রোপণ করতে পারেননি। উপরন্তু প্রখর রোদ আর ভ্যাপসা গরমে প্রাণিকুল ওষ্ঠাগত হয়ে পড়ে। কৃষকরা পানি সেচ দিয়ে বীজতলার চারা বাঁচিয়ে রাখে এবং কাঙ্ক্ষিত বৃষ্টির জন্য অপেক্ষা করতে থাকেন। এ অবস্হায় শ্রাবণের প্রথম সপ্তাহ পর্যন্ত বৃষ্টি না হলেও রবিবার বিরামপুরে বর্ষার বৃষ্টি নেমেছে। এই বৃষ্টিতে প্রাণিকুলে স্বস্তি ফিরেছে। কৃষকরাও আমন রোপণের লক্ষ্যে জমি তৈরির জন্য মাঠে নেমে পড়েছেন।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিকছন চন্দ্র পাল জানান, ধানের জেলা দিনাজপুরের বিরামপুর উপজেলায় এবার ১৭ হাজার ৪৪৫ হেক্টর জমিতে আমন রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে কৃষকরা বীজতলায় বীজ বপন করেছেন। বপনকৃত বীজের মধ্যে রয়েছে, ব্রি-৩৪, ৫১, ৪৯, ৯০, ৮৭, ৫২, ৭৫ ও ৯৩। গুটি স্বর্ণা, স্বর্ণা-৫, সম্পা কাটারি, বিনা-১৬, হাইব্রিড, টিয়া, ধানী গোল্ড, এসিআই, ব্রি-৪ ও ৬ জাতের ধানবীজও রোপণ করা হয়েছে। 

ইত্তেফাক/এআই