বাউফলের নাজিরপুর তাঁতেরকাঠি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদের নির্বাচন স্থগিত করা হয়েছে। সোমবার বাংলাদেশ নির্বাচন কমিশন কার্যালয় থেকে এ নির্বাচন স্থগিত করা হয়। তবে ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে নির্বাচন যথারীতি অনুষ্ঠিত হবে।
বাউফল উপজেলা নির্বাচন অফিসার মো. তরিকুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা আজ সোমবার খানিক আগে চিঠি পেয়েছি।’
দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, শনিবার রাতে ইভিএম নিয়ে নৌকা মার্কার প্রার্থীর উঠান বৈঠকে জেলা আওয়ামী লীগের নেতা জোবায়েদুল হক রাসেলের নেতিবাচক বক্তব্য সামাজিক মাধ্যমসহ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রকাশিত হলে নির্বাচন কমিশন থেকে এ নির্বাচন স্থগিত করা হয়।
আগামী ২৭ জুলাই বুধবার ওই ইউনিয়নের চেয়ারম্যানসহ দুই নম্বর ওয়ার্ডে মেম্বার পদে নির্বাচন হওয়ার কথা ছিল।
