আওয়ামী লীগ মানেই উন্নয়ন : খসরু চৌধুরী

আপডেট : ২৫ জুলাই ২০২২, ২২:৫৭

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ মো. খসরু চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে দারিদ্র্য দূর করেছে। প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। আওয়ামী লীগ মানেই উন্নয়ন, দেশ এগিয়ে যাচ্ছে, দেশে উন্নয়ন হচ্ছে। গত ১৩ বছরে আওয়ামী লীগ উন্নয়নের মাধ্যমে দেশের আমূল পরিবর্তন এনেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে অর্থনৈতিক ভাবে স্বয়ংসম্পন্ন ভাবে গড়ে তুলেছে। অভাব এদেশ থেকে পালিয়ে গেছে।

তিনি সোমবার (২৫ জুলাই) আনোয়ারা মডেল ডিগ্রী কলেজ মাঠে দক্ষিণ খান থানা আওয়ামী লীগের কাউন্সিলে বিশেষ অথিতির বক্তব্যে এসব কথা বলেন।

খসরু চৌধুরী বলেন, বঙ্গবন্ধু কন্যা ও বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানেই বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধি। তাঁর হাত ধরেই বাংলাদেশ আজ আধুনিক ও উন্নত। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সবাইকে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও অর্জনগুলো সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের বাংলাদেশ গড়তে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় দলের নিবেদিত প্রাণ কর্মীদের নিয়ে যোগ্য নেতৃত্ব তৈরি করতে হবে।

তিনি আরও বলেন, দীর্ঘ সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই দেশের উন্নয়ন দৃশ্যমান হচ্ছে, মানুষও সেই উন্নয়নের সুবিধা পাচ্ছে। মানুষের সুন্দর জীবন নিশ্চিতে যেকোনো ধরনের প্রতিবন্ধকতা রুখে দিতে প্রস্তুত আওয়ামী লীগ সরকার। দেশ উন্নয়নে স্বাধীনচেতা হলেই অনেক বাঁধা-বিপত্তি আসে তাই সব বাঁধা পদদলিত করেই উন্নয়নের পথে এগিয়ে যাবে বাংলাদেশ।

এদিকে তীব্র গরমে দক্ষিণখান থানা আওয়ামী লীগের কাউন্সিলে উপস্থিত হাজার হাজার নেতা কর্মীর মাঝে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব খসরু চৌধুরী প্রতিষ্ঠিত কেসি ফাউন্ডেশনের পক্ষ থেকে পানি বিতরণ করা হয়েছে।

কাউন্সিলে উপস্থিত হাজার হাজার নেতা কর্মী তীব্র গরমের মধ্যে বিশুদ্ধ বোতলজাত পানি পান করতে পেরে আনন্দিত। তারা এই মহতী উদ্যোগ গ্রহণ করায় খসরু চৌধুরীকে ধন্যবাদ জানিয়েছেন।

সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/ইআ