যশোর শহরের চাঁচড়া মোড়ে সোমবার সন্ধ্যায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে কোতোয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার এসআই আমিরুজ্জামান স্ত্রী ও কন্যা সন্তানসহ আহত হয়েছেন। অবস্থা আশংকাজনক হওয়ায় স্ত্রী নুসরাত (৩২) ও মেয়ে অহনাকে (৮) ঢাকায় রেফার করা হয়েছে। রাত পৌনে ৮টায় তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, এসআই আমিরুজ্জামান তার স্ত্রী ও মেয়েকে নিয়ে সাতক্ষীরা থেকে মাইক্রোবাসে যশোরে আসছিলেন। সোমবার সন্ধ্যার পর শহরের চাঁচড়া মোড়ে পৌঁছালে বেনাপোলগামী একটি ট্রাকের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ জানান, শিশু অহনার মুখে, পিঠে ও মাথায় মারাত্মক আঘাত লেগেছে। নুসরাতের অবস্থাও ভালো না। তাদের ঢাকায় রেফার করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
