লক্ষ্মীপুরে সাংবাদিক শাহ মনির পলাশকে হত্যার ঘটনায় দুই ভাইকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
জেলা জজ আদালতের সরকারি কৌসুলি অ্যাডভোকেট জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
শাহ মনির পলাশ (২৫) সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের মাছিমনগর গ্রামের মনিরুল ইসলামের ছেলে। তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক রূপবাণী পত্রিকার জেলা প্রতিনিধি ছিলেন। দণ্ডপ্রাপ্ত আবু ইউসুফ ও আবু ছায়েদ মাছিমনগর গ্রামের ফকির বাড়ির আখতারুজ্জামানের ছেলে। সম্পর্কে তারা পলাশের চাচাতো ভাই।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারি সকালে পলাশদের বাগানের গাছ কেটে নেওয়ার চেষ্টা করে আবু ইউছুফ ও আবু ছায়েদ। পলাশের বাবা মনিরুল ইসলাম অভিযুক্তদের বাধা দিলে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় ইটের আঘাতে পলাশের বাবা মাটিতে লুটিয়ে পড়েন। বাবাকে উদ্ধার করতে এগিয়ে গেলে পেছন থেকে লাঠি দিয়ে পলাশের মাথায় আঘাত করে অভিযুক্তরা। তাকে উদ্ধার করে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পলাশের বাবা মনিরুল ইসলাম বাদী হয়ে সদর থানায় আবু ইউসুফ, আবু ছায়েদ ও ফয়জুন্নেছাকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
একই বছরের ৭ অক্টোবর পুলিশ আবু ইউসুফ ও আবু ছায়েদকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলার অপর আসামি ফয়জুন্নেছার বিরুদ্ধে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় তাকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়।

ফুলবাড়ীয়ায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার