কক্সবাজারে শিশু ধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন

আপডেট : ২৭ জুলাই ২০২২, ০০:১৫

কক্সবাজারের টেকনাফের লেদায় শিশু গণধর্ষণ মামলায় তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক (জেলা জজ) মো. আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তিন জনকে এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাস করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। 

আসামিরা হলো—নুরুল আলম, হেলাল উদ্দীন ও মমতাজ মিয়া। তবে এরা সবাই পলাতক রয়েছে। মামলার অপর এক আসামি নুর মোহাম্মদ মৃত্যুবরণ করায় তাকে মামলা থেকে অব্যাহতি দেয় আদালত। স্পেশাল পিপি অ্যাডভোকেট একরামুল হুদা এ তথ্য নিশ্চিত করেন। 

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০৩ সালের ৫ এপ্রিল টেকনাফের লেদা এলাকার পাহাড় থেকে ধর্ষণের শিকার ঐ শিশু লাকড়ি কুড়িয়ে বাড়ি ফিরছিল। এ সময় আসামিরা তার পথরোধ করে পাহাড়ের নির্জন স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে পথচারীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ব্যাপারে ধর্ষণের শিকার শিশুর বাবা বাদী হয়ে মামলা করেন।

ইত্তেফাক/এমএএম