সাভারে পৃথক ঘটনায় দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সাভারের ব্যাংক টাউন ও আশুলিয়ার বাড়ইপাড়া এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ বলছে, রাতে সাভারের ব্যাংক টাউন এলাকায় সবজি বিক্রেতা তৌহিদুল ইসলাম (২০) টিনের চালার ওপরে লাইট লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে সকালে সাভার মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে। তার মৃত্যুর বিষয়ে তদন্ত করছে পুলিশ।
অন্যদিকে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকার একটি ভাড়া বাড়ি থেকে অজ্ঞাত এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে পুলিশ। কীভাবে তার মৃত্যু হয়েছে তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে পৃথক থানায় মামলা করা হয়েছে।
