ক্রিশ্চিয়ানো রোনালদোকে যে কারণে ‘না’ করে দিয়েছে বায়ার্ন মিউনিখ

আপডেট : ২৭ জুলাই ২০২২, ১৪:০০

প্রতিবার যখন কোনো একটি দল ক্রিশ্চিয়ানো রোনালদোকে কিনতে চায়, তখন একই ইস্যু বারবার সামনে আসে। আমরা কথা বলছি গত ২০ বছরে বিশ্বের সেরা দুই ফুটবলারের একজনকে নিয়ে, রেকর্ডই তার পক্ষে কথা বলে। তবে এটাও সত্য, রোনালদো যখন কোনো নতুন দলে পৌঁছায়, ওই মুহূর্ত থেকে দলটির সবকিছুই তাকে কেন্দ্রীক হয়ে যায়। একক প্রভাব বিস্তার থাকে।

ক্রিশ্চিয়ানো রোনালদো অনেকটা প্রাকৃতিক ঝড়ের মতো। যেদিকে যায় সেদিকটা তার দিকে হেলে পড়ে। যদি ব্যাপারটা ২০০০-২০১০ সালের দিকে হতো তাহলে ভিন্ন কিছু হতে পারতো। কিন্তু এরপর রোনালদো রিয়াল মাদ্রিদে যাওয়ার পর থেকে সবকিছু পরিবর্তন হয়ে যায়। সম্প্রতি পর্তুগিজ সুপারস্টারের পরবর্তী গন্তব্য হিসেবে বায়ার্ন মিউনিখের নাম আসে। জার্মান চ্যাম্পিয়নরা তাকে নেওয়ার জন্য নিজেদের মধ্যে কথাও বলেছে। কিন্তু শেষ পর্যন্ত না করে দিয়েছে।

কেন রোনালদোকে না করে দেওয়া, সেটির ব্যাখ্যা দিয়েছেন বায়ার্ন মিউনিখ পরিচালক অলিভার কান। জানিয়েছেন, সিআরসেভেন গেলে দলের পরিবেশ পরিবর্তন হয়ে যাবে, যা তারা কোনোভাবেই চান না। অলিভার কান বলেন, ‘ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে আমরা নিজেদের মধ্যে আলোচনা করি। আমি তাকে ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার হিসেবে গণ্য করি।’

তিনি আরও বলেন, ‘এরপর আমরা সারাংশে আসি। ক্রিশ্চিয়ানোর জন্য আমাদের প্রশংসা সত্ত্বেও, সে আমাদের দলের বর্তমান পরিবেশের সঙ্গে পুরোপুরি ফিট হবে না। বায়ার্ন মিউনিখের একজন ভক্ত হিসেবে বলছি, ক্রিশ্চিয়ানো দারুণ একজন খেলোয়াড়। কিন্তু বায়ার্নের দর্শন পুরোপুরি ভিন্ন, যেটা নিজের পুরো ক্যারিয়ারে রোনালদোর ছিল।’

ইত্তেফাক/টিএ