সংগীতশিল্পী ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে করা মামলা ১০ লাখ টাকায় পারিবারিকভাবে আপস করেছেন অভিনেত্রী শাহ হুমায়রা হোসেন সুবাহ।
বুধবার (২৭ জুলাই) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক আবেরা সুলতানা খানম এ মামলা থেকে আসামি ইলিয়াসকে খালাস দেন।
এর আগে সোমবার (২৫ জুলাই) বিচারক আবেরা সুলতানা খানম রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন। এদিন আদালতে উপস্থিত হয়ে সুবাহ জানান তাদের মধ্যে ১০ লাখ টাকায় পারিবারিকভাবে মামলা আপস হয়েছে। এসময় ইলিয়াস হোসাইনও উপস্থিত ছিলেন। এদিন ইলিয়াস মামলায় জামিন নেন। এরপর বিচারক মামলাটির সাক্ষ্য ও যুক্তি উপস্থাপন শেষ করে রায়ের জন্য ২৭ জুলাই দিন ধার্য করেন।
সুবাহ বিচারককে বলেন, আমরা পারিবারিকভাবে ১০ লাখ টাকায় মামলা মীমাংসা করেছি। আমি টাকা বুঝে পেয়েছি। এখন ইলিয়াসের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। যে সংসার করবে না তার সঙ্গে জোর করে সংসার করা যায় না। ইলিয়াস তার জীবনে ভালো থাকুক, আর আমি আমার জীবনে ভালো থাকি।
ইলিয়াস বলেন, পারিবারিকভাবে আমাদের আপস হয়েছে। সুবাহ ২০ লাখ টাকা দাবি করেছিলেন। তবে যেকোনোভাবে আমরা মীমাংসা করেছি।
ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ লিয়াকত আলী বলেন, ১০ লাখ টাকার বিনিময় ইলিয়াস ও সুবাহর মামলা মীমাংসা হয়েছে। ২৭ জুলাই মামলাটির রায় ঘোষণার জন্য দিন ধার্য করেছেন আদালত।

কাউকে বলিনি টাকা দিয়ে মীমাংসা করেন: সুবহা