জুভেন্টাস ছেড়ে ফ্রি ট্রান্সফারে রোমাতে নাম লিখিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালা। সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা দিয়ে বরণ করে নিয়েছে সমর্থকরা। একই সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনালদোর একটি রেকর্ডও ভেঙেছেন দিবালা।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা'র খবরে বলা হয়েছে, রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাস যাওয়ার পর প্রথম ২৪ ঘণ্টায় রোনালদোর যে পরিমাণ জার্সি বিক্রি হয়েছিল, সেটি ছাড়িয়ে গেছেন দিবালা। রোমায় পৌঁছানোর প্রথম ২৪ ঘণ্টাতেই আর্জেন্টাইন তারকার জার্সি বিক্রিতে হিরিক লেগেছে। সিরি আ'য় রোনালদোর প্রথম ২৪ ঘণ্টা থেকেও বেশি বিক্রি হয়েছে দিবালার জার্সি।
তবে কোনো সংখ্যা উল্লেখ করেনি মার্কা। রোমার বিভিন্ন দোকানের বিক্রয়কর্মীরা জানিয়েছেন, দিবালার নতুন জার্সি কিনতে সমর্থকদের দীর্ঘ সারি। এক দোকানি বলেন, ‘সকাল থেকে আমরা এক মুহূর্তের জন্যও কাজ বন্ধ করতে পারিনি। সারাক্ষণ কেবল দিবালার জার্সি প্রিন্ট করেই যাচ্ছি।’ ক্লাবের ওয়েবসাইটেও একই গল্প।
রোমায় ২১ নম্বর জার্সি পরে খেলবেন দিবালা। আর্জেন্টিনায়ও একই নম্বর পরেন তিনি। তবে জুভেন্টাসে পরতেন ১০ নম্বর জার্সি। সেটা তাকে রোমাতেও অফার করা হয়। কিন্তু নেননি।
