আদালতের রায়ে ইমরানের শরিক দলের হাতে পাঞ্জাব

আপডেট : ২৭ জুলাই ২০২২, ১৭:৫৯

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শরিক দলের প্রার্থী পারভেজ এলাহিকেই পাঞ্জাব প্রদেশের দায়িত্ব নেয়ার রায় দিয়েছে পাকিস্তানের আদালত। পাকিস্তানের সবচেয়ে জনবহুল এলাকা পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হয়ে গেছেন ইমরান খান সমর্থিত প্রার্থী। 

মঙ্গলবার মাঝরাতের রায়ে ফের পাকিস্তানের রাজনীতিতে নতুন মোড়। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ছেলে হামজা শাহবাজের নিয়োগকে বেআইনি ঘোষণা করেছে আদালত। পাকিস্তানের শীর্ষ আদালতের এই রায় হামজার বাবা, অর্থাৎ পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের জন্য বড় এক ধাক্কা। 

পাঞ্জাবের নিয়ন্ত্রণ ধরে রাখতে মরিয়া ছিল সরকার। ক্ষমতায় থাকা পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন-এর) নেতৃত্বাধীন জোট সরকারকে এই রায় যথেষ্ট উদ্বেগে ফেলেছে। মাস কয়েক আগেই দেশের ধসে পড়া অর্থনীতি এবং ভুল পররাষ্ট্রনীতির অভিযোগে ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে বিরোধী দলগুলো। দেশের অর্থনীতির সংস্কারের কথা বলা হয়েছিল তখন। 

পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশনে অনাস্থা ভোটে এপ্রিলে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। এবার পাকিস্তান সরকারের উপর ফের চাপ বাড়াল ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। নাটকীয় মোড় পাকিস্তানের সুপ্রিম কোর্ট একটি সংক্ষিপ্ত আদেশে ইমরান খান সমর্থিত প্রার্থীর পক্ষে রায় দেয়। মঙ্গলবার মধ্যরাতের আগে ইমরান সমর্থিত পারভেজ এলাহিকে পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী পদে বসানোর নির্দেশ দেয় আদালত। ই

সলামাবাদের আইওয়ান-ই-সদরে এলাহিকে শপথবাক্য পাঠ করান পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভি। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ছেলে হামজা শাহবাজের নিয়োগ বেআইনি বলে জানায় আদালত। এর আগে পাঞ্জাব বিধানসভার স্পিকার এলাহিকে জয়ী মানতে অস্বীকার করেছিলেন। কিন্তু শীর্ষ আদালত স্পিকারের সেই সিদ্ধান্ত বাতিল করে।

ইত্তেফাক/এএইচপি