চাটখিলে ইউপি চেয়ারম্যানের বাড়িতে বোমা হামলার অভিযোগ

আপডেট : ২৭ জুলাই ২০২২, ১৯:০৭

নোয়াখালীর চাটখিলের রামনারায়নপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুন-অর-রশিদ বাহারের বাড়িতে বোমা হামলার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৬ জুলাই) রাত ১০ টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। তবে এ সময় চেয়ারম্যান বাড়িতে ছিলেন না। এ ঘটনায় বুধবার (২৭ জুলাই) চাটখিল থানায় চেয়ারম্যান হারুনুর রশিদ বাহার একটি অভিযোগ দায়ের করছেন।

জানা গেছে, মঙ্গলবার রাত ১০ টা ২০ মিনিটের সময় বাড়ির পশ্চিম দিক থেকে দুইজন মোটরসাইকেলে আসেন। এরপর বাড়ির সামনে মূল সড়কে অবস্থান নেন। এরমধ্যে একজন মূল সড়ক থেকে তার বাড়ির সামনের রাস্তায় বোমা বিস্ফোরণ ঘটিয়ে চলে যান। 

চেয়ারম্যান জানান, তাকে হত্যা অথবা ভয়-ভীতি প্রদর্শনের জন্য এ ঘটনা ঘটানো হয়েছে। উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি এস এম বাকি বিল্লাহ ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানিয়েছেন। 

থানার অফিসার ইনচার্জ মো. গিয়াস  উদ্দিন জানান, বোমা বিস্ফোরণের খবর শুনে তিনি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। চেয়ারম্যানের অভিযোগ আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 

ইত্তেফাক/এএএম