পৃথক সড়ক দুর্ঘটনায় চার জনের মৃত্যু

আপডেট : ২৮ জুলাই ২০২২, ০৬:২০

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার ও গত মঙ্গলবার এসব দুর্ঘটনা ঘটে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া): বিজয়নগরে ট্রাকের সঙ্গে ট্রলির সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার শশই এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনার ঘটে। নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পূর্ব মেড্ডা এলাকার মিজানুর রহমান (৬০) এবং চাঁদপুর জেলা সদরের জাফরাবাদ এলাকার মহিউদ্দিন (৩৯)। খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুখেন্দ্র বসু এসব তথ্য নিশ্চিত করেন।

পাঁচবিবি (জয়পুরহাট) :পাঁচবিবি-জয়পুরহাট সড়কের পাঁচবিবির বটতলী লতিহাটি এলাকায় মঙ্গলবার বিকেলে ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি উপজেলার কেশবপুর গ্রামের আবেদ আলীর ছেলে রহিদুল ইসলাম (৫৫)। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ কুমার দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এলাকার লোকজন ট্রাক্টরচালক জাকির হোসেনকে আটক করে পুলিশে দিয়েছে।

রাজশাহী :রাজশাহীর পুঠিয়ায় দুটি মোটরসাইকেলের সংঘর্ষে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। নিহতের নাম কফিল উদ্দীন (৫৫)। এ ঘটনায় অপর তিন আরোহী গুরুতর আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রফিকুল ইসলাম। মঙ্গলবার বিকালে পুঠিয়া উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের গোপালহাটি তেলের পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী আমজাদ আলী বলেন, গত সপ্তাহে স্ত্রীসহ চিকিত্সক কফিল উদ্দীন হজ করে বাড়ি ফিরেছেন। মঙ্গলবার আসরের নামাজ মসজিদে পড়তে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন। বাড়ি থেকে মহাসড়কে উঠতেই তিন আরোহীসহ অপর একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে পবা হাইওয়ে থানার (শিবপুরহাট) ওসি মোফাখ্খারুল ইসলাম বলেন, দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় একজন মারা গেছেন ও অপর মোটরসাইকেলের তিন আরোহী আহত হয়েছেন। এ বিষয়ে পুঠিয়া থানায় একটি মামলা হয়েছে।

ইত্তেফাক/এমএএম