‘ভাই বলেছিল, ওদের দেখিয়ে দাও, আমরাও পারি’

আপডেট : ২৮ জুলাই ২০২২, ১২:৫৭

২০১৯ সালে ঢাকায় উয়েফা অনূর্ধ্ব-১৬ ফুটবল ফাইনালে বাংলাদেশ জিতেছিল ২-১ গোলে এবং সেখানে পিয়াস আহমেদ নোভা গোল করেছিলেন। সেভাবে জানাজানি হয়নি। দেশের ফুটবলে পিয়াস আহমেদ নোভার নামটা আলোচনায়ও ছিল না কখনো। বিকেএসপির নোভা এবার প্রিমিয়ার ফুটবল মৌসুমে বসুন্ধরা কিংসে নাম লিখিয়েছিলেন। কিন্তু সেখানেও তার নাম প্রচারের আলোয় আসেনি। কারণ বড় বড় সব ফুটবলারের ভিড়ে নোভার মাঠে নামার সুযোগও হয়নি। বেঞ্চে বসে বসে সময় কেটেছে। প্রিমিয়ার লিগে একটা ম্যাচও খেলা হয়নি তার। নোভাকে নিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে যায় বাংলাদেশ। সেখানেই বাজিমাত করলেন কুষ্টিয়ার ছেলে অখ্যাত পিয়াস আহমেদ নোভা। ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে জোড়া গোল করলেন।

দারুণ খুশি এই স্ট্রাইকার। গতকাল ভারতে ওড়িশার কালিঙ্গা স্টেডিয়ামের সবুজ ঘাসে তার পায়ের কাজ দেখেছেন দর্শক। ভারতের ফুটবল কোচিং স্টাফ। কীভাবে তিন জনকে কাটিয়ে বলটা ভারতীয় জালে ফেলেছেন তা যেন ভারতের বুকে পেরেক ঠুকে দিয়েছেন এই তরুণ। ভারতের ডিফেন্ডাররা কোনোভাবেই তাকে আটকাতে পারেননি। দেখা গেল বল ঠেকাতে না পেরে মাটিতেই লুটিয়ে পড়েছেন গোলকিপার জাহিদ হোসেন বুখারি।

পিয়াস আহমেদ নোভা খেলা শেষে কথা বলে জানিয়েছেন তিনি ভারতের জালে গোল করার জন্য মুখিয়ে ছিলেন। বললেন,‘আমি সব সময় গোলের জন্য চেষ্টা করি। কিন্তু প্রথম খেলায় শ্রীলঙ্কার বিপক্ষে গোল পাইনি। ভারতের বিপক্ষে ম্যাচের আগে আমার ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম। সে আমাকে বলছিল ভারত অনেক বড় দেশ। ওদের দেখিয়ে দাও আমরাও পারি। সেই কথাটা সারা রাত সারা দিন মাথার মধ্যে ঘুরপাক খেয়েছে। ভারতের বিপক্ষে গোল করতে পেরেছি, আমরা জিতেছি এটাই আমাদের কাছে সবচেয়ে বড় আনন্দের।’

ইত্তেফাক/টিএ