মানবতাবিরোধী অপরাধ: রায়ের বিরুদ্ধে আপিল করবেন স্বজনরা

আপডেট : ২৮ জুলাই ২০২২, ১২:২২

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় খুলনার বটিয়াঘাটার ছয়জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এই রায় ঘোষণার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির স্বজনরা।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামাল উদ্দিন গোলদারের ছেলে ফয়সাল গোলদার বলেন, ‘আমরা এই রায় মানি না। আমরা এই রায়ের বিরুদ্ধে আপিল করবো।’

অপর আসামি মো. মোতাসিন বিল্লাহর শ্যালক মোস্তফা বিল্লাহ রায় ঘোষণার পর প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘আমরা এখন সুপ্রিম কোর্টে আছি। বাড়ি ফিরে সবার সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।’

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় খুলনার বটিয়াঘাটার ছয়জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।  বৃহস্পতিবার (২৮ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল মামলার রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর সদস্যরা হলেন, বিচারপতি আবু আহমেদ জমাদার ও বিচারপতি কেএম হফিজুল আলম। মৃত্যুদণ্ডের আসামিরা হলেন, আমজাদ হোসেন হাওলাদার (৭৫), মো. মোজাহার আলী শেখ (৬৫), সহর আলী সরদার (৬৫), মো. আতিয়ার রহমান শেখ (৭০), মো. মোতাসিন বিল্লাহ (৮০), মো. কামাল উদ্দিন গোলদার (৬৬) ও মো. নজরুল ইসলাম (৬০)। আসামিদের মধ্যে নজরুল ইসলাম পলাতক।

মামলার অভিযোগে বলা হয়, ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধ করেছিলেন এসব আসামি। তাদের বিরুদ্ধে আটক, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ ও হত্যার চারটি অভিযোগ আনা হয়।

 

ইত্তেফাক/ইউবি