ত্রিমুখী সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ২৮ জুলাই ২০২২, ১৪:২৩

গোপালগঞ্জে ট্রাক-মাইক্রোবাস ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

বুধবার (২৭ জুলাই) গভীর রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার গোপালপুরে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল গ্রামের রওশন মোল্লার ছেলে মফিজ মোল্লা (২২) এবং রায়দুল মোল্লার ছেলে মারুফ মোল্লা (১৮)।

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এসআই মো. সিরাজুল ইসলাম জানান, মোটরসাইকেলে করে তিন আরোহী কাশিয়ানী থেকে গোপালগঞ্জের দিকে যাচ্ছিলেন। এসময় মোটর সাইকেলটি গোপালপুর বাজার এলাকায় পৌঁছালে মোটরসাইকেল, ট্রাক-মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী মারাত্মক আহত হয়। পরে আশংকাজনক অবস্থায় তাদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মফিজ মোল্লা ও মারুফ মোল্লাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/এমআর