'ইউক্রেন যুদ্ধে ৭৫ হাজার রাশিয়ান হতাহত'  

আপডেট : ২৮ জুলাই ২০২২, ১৬:৫৩

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১৫৫ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে এখন পর্যন্ত ৭৫ হাজারের বেশি রাশিয়ান নিহত বা আহত হয়েছে। মার্কিন আইনপ্রণেতারা এই তথ্য জানিয়েছেন। 

দেশটির প্রতিনিধি দলের সদস্য মিশিগানের ডেমোক্র্যাট প্রতিনিধি এলিসা স্লটকিন সিএনএনকে বলেন, আমাদের জানানো হয়েছে ৭৫ হাজারের বেশি রাশিয়ান যুদ্ধে আহত বা নিহত হয়েছে। যা বিশাল সংখ্যা। তার স্থলবাহিনীর ৮০ শতাংশের বেশি 'নিমজ্জিত' হয়ে গেছে এবং তারা ক্লান্ত। তবে তারা এখনো রাশিয়ান মিলিটারি। 

ডেমোক্র্যাট এই প্রতিনিধি সম্প্রতি ইউক্রেন সফরে যান। তবে যুদ্ধে দুই দেশের হতাহতের সংখ্যা নিরপেক্ষভাবে যাচাই করা অনেকটা কঠিন। দুই দেশই সরকারিভাবে তাদের দেশের হতাহত সেনার সংখ্যা জানায় নি। 

সর্বশেষ গত ২৫ মার্চ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, যুদ্ধে তাদের প্রথম মাসে এক হাজার ৩৫১ জন সেনা নিহত হয়েছে। এরপর থেকে দেশটি আর সেনা হতাহতের খবর জানায়নি। 

গত সপ্তাহে এমআই৬ এর প্রধান রিচার্ড মুর জানান, তার বিশ্বাস সামনের সপ্তাহগুলোতে রাশিয়ানরা 'বাষ্পশক্তি' হারাতে শুরু করবে কেননা তাদের জনবল ফুরিয়ে আসছে। 

মার্কিন ও পশ্চিমার কর্মকর্তারা বলেন, পরবর্তী সপ্তাহগুলোতে যুদ্ধ আরও জটিল হয়ে উঠবে কেননা উইন্টারের আগে ইউক্রেনের বাহিনী দেশটির দক্ষিণে যুদ্ধ আরও জোরালো করবে। 

ইউক্রেন দেশটির দক্ষিণাঞ্চলীয় খেরসন শহর ফিরে পাওয়ার লক্ষ্য স্থির করেছে। বর্তমানে শহরটি রুশ বাহিনীর দখলে আছে। 

ইত্তেফাক/এসআর