অজগরের আক্রমণে ছাগলের মৃত্যু 

আপডেট : ২৮ জুলাই ২০২২, ১৯:৩২

বুধবার (২৭ জুলাই) সকালে লোকালয়ে অজগরের দংশনে একটি ছাগল মারা গেছে। বনরক্ষীরা অজগরটিকে ধরে সুন্দরবনে অবমুক্ত করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দক্ষিণ রাজাপুর চরপাড়া গ্রামে।

বন বিভাগ সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সুন্দরবন সংলগ্ন দক্ষিণ রাজাপুর চরপাড়া গ্রামের কালাম খানের বাড়িতে একটি বিশালাকার অজগর একটি ছাগলকে আক্রমণ করে সেটিকে গিলতে চেষ্টা করে। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে জাল নিক্ষেপ করে অজগরটিকে আটক করে। পরে খবর পেয়ে নিকটস্থ দাসেরভারানী ফরেস্ট টহল ফাঁড়ির বনরক্ষীরা অজগরটিকে উদ্ধার করে নিয়ে যায়।

পূর্ব সুন্দরবনের শরণখোলা ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, দক্ষিণ রাজাপুরে অজগরের আক্রমণে একটি ছাগল মারা গেছে। বুধবার দুপুরে বনরক্ষীরা উদ্ধার করা ১৫ ফুট লম্বা অজগরটিকে দাসেরভারানী ফরেস্ট টহল ফাঁড়ির বনে ছেড়ে দিয়েছে। 

ইত্তেফাক/এআই