নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিখোঁজের দুইদিন পর হুমায়রা (৮) নামের এক শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বৈশাখী আক্তার ও মনোয়ারা বেগম নামের দু’জনকে আটক করেছে পুলিশ। সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় একটি কাঠবাগান থেকে মাটিতে পুঁতে রাখা অবস্থায় ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। হুমায়রা পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের দুলাল মিয়ার মেয়ে। সে নাগেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। আটক বৈশাখী আক্তার নিহত হুমায়রার ভাবি ও মনোয়ারা বেগম বৈশাখীর মা।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের দুলাল মিয়ার মেয়ে হুমায়রা গত মঙ্গলবার সকাল ১১টা থেকে নিখোঁজ ছিল। বিভিন্ন স্থানে খোঁজ করে তার কোনো সন্ধান না পেয়ে তার বাবা ওইদিন সন্ধ্যায় সোনারগাঁও থানায় সাধারণ ডায়েরি করেন। বৃহস্পতিবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় একটি কাঠবাগানে মাটিচাপা দেওয়া অবস্থায় লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, ধারণা করা হচ্ছে শিশুটি হত্যাকাণ্ডের শিকার হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় থানায় এখনও কোনো অভিযোগ বা মামলা হয়নি। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিহতের ভাবিসহ ২ জনকে আটক করা হয়েছে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আমীর খসরু জানান, পারিবারিক বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আটক দু’জনকে জিজ্ঞাসাবাদসহ মামলার প্রক্রিয়া চলছে। আরও কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে দুই জেলে নিখোঁজ