সমন্বিত সরকারি অফিস ভবনের দফতর প্রধানদের পক্ষ থেকে মাদারীপুরের জেলা প্রশাসক (ডিসি) ড. রহিমা খাতুনকে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২২ পাওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (২৭ জুলাই) মাদারীপুর সমন্বিত সরকারি অফিস ভবনের চতুর্থ তলায় এই সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে ও জেলা তথ্য অফিসার মো. রিয়াদুল ইসলামের সঞ্চালনায় জেলা প্রশাসক ড. রহিমা খাতুনকে প্রথমে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং পরে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
মাদারীপুর সমন্বিত সরকারি অফিস ভবনের ২২টি দফতরের পক্ষে এই সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিআরডিবির উপ-পরিচালক সামসুন নাহার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক মো. আসলাম হোসেন, হিন্দুধর্ম কল্যাণ ট্রাস্ট এর সহকারী পরিচালক মুহিত উদ্দিন মোল্লা, জেলা ক্রীড়া অফিসার বখতিয়ার রহমান, জেলা মার্কেটিং অফিসার মো. বাবুল হোসেন, জেলা সমবায় অফিসার জয়ন্তী অধিকারীসহ অন্যরা।
উল্লেখ্য, গত ২৩ জুলাই জাতীয় পাবলিক সার্ভিস দিবসে প্রধানমন্ত্রীর পক্ষে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকরে কাছ থেকেমাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন ও তার দল অপরাধ প্রতিরোধ শ্রেণিতে এই পদক পেয়েছেন। দলের অন্যরা হলেন জেলার সাবেক স্থানীয় সরকার উপপরিচালক আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝোটন চন্দ ও সহকারী কমিশনার আবদুল্লাহ-আবু-জাহের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এ বছর ১০টি শ্রেণিতে এ পদক দেওয়া হয়। সাধারণ প্রশাসন ও ব্যবস্থাপনা শ্রেণিতে পররাষ্ট্র মন্ত্রণালয়, উন্নয়ন প্রশাসন শ্রেণিতে পানিসম্পদ মন্ত্রণালয় এবং ভূমি তথ্য ব্যাংকের জন্য সংস্কার শ্রেণিতে ভূমি মন্ত্রণালয় পদক পায়।
প্রথমবারের মতো ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক’ পেলেন প্রশাসনের ২৭ জন কর্মকর্তা ও ৪টি সরকারি প্রতিষ্ঠান।
আগে প্রশাসনের কর্মকর্তাদের কর্মদক্ষতা, মননশীলতা ও উদ্ভাবনী প্রয়াসকে উৎসাহিত করতে ‘জনপ্রশাসন পদক’ দেওয়া হতো। এবার ‘জনপ্রশাসন পদক’-এর নাম বদলে নতুন আঙ্গিকে বিভিন্ন ক্ষেত্রে অবদানে কর্মকর্তাদের এ পদক দেওয়া হলো।
জানা যায়, মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুনসহ জেলা প্রশাসকের কর্মকর্তারা পদ্মা সেতু নদী শাসনে ভূমি অধিগ্রহণের সরকারের প্রায় ৪৬০ কোটি টাকা রক্ষা ও ভূমি অধিগ্রহণ নিয়ে অনিয়ম প্রতিহত করে জেলা প্রশাসক ড. রহিমা খাতুন ও জেলা প্রশাসকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারই স্বীকৃতস্বরূপ ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক’ পেলেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন ও তার দল।
