ভারতের পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রীর পদ থেকে পার্থ চ্যাটার্জিকে সরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। একইসঙ্গে তৃণমূল কংগ্রেসের মহাসচিব, দলের মুখপাত্র ‘জাগো বাংলা’র সম্পাদক-সহ সব পদ থেকেও তাকে অপসারণের পাশাপাশি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দল থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা মুখার্জির কলকাতার দুই ফ্ল্যাটে ইডির অভিযানে ৫০ কোটি রুপির বেশি উদ্ধারের পর ব্যাপক সমালোচনার মুখে বৃহস্পতিবার মমতা ব্যানার্জির মন্ত্রিসভা থেকে তাকে অপসারণ করা হলো পার্থ চ্যাটার্জিকে।
সূত্র জানায়, জেরায় অর্পিতা জানিয়েছেন এসবই পার্থ চ্যাটার্জির অর্থ-সম্পদ। তার ফ্ল্যাটে রাখা হয়েছিল। এত অর্থ রাখা ছিল, তা তিনি জানতেন না। পার্থ চ্যাটার্জির কর্মীরা মাঝে-মধ্যেই এসে এসব রেখে যেতেন। যে ঘরে এসব অর্থ রাখা হতো সেখানে তার কোনো প্রবেশাধিকার ছিল না। গত শুক্রবার পার্থ চ্যাটার্জির অভিনেত্রী বান্ধবী অর্পিতা মুখার্জির কলকাতার টালিগঞ্জের ফ্ল্যাটে অভিযান চালিয়ে ২১ কোটি ৯০ লাখ রুপি, ১ লাখ ডলার, দেড় কেজি স্বর্ণসহ ৯টি জমির দলিল উদ্ধার করে ইডি। পাশাপাশি পার্থ চ্যাটার্জিকে দীর্ঘ সময় জেরা করা হয়।
বিপুল অর্থ উদ্ধারের পর পার্থ চ্যাটার্জি এবং অর্পিতাকে গ্রেফতার করা হয়। আদালত তাদের ১০ দিনের ইডি হেফাজতে পাঠায়। সেখানে জেরায় আরো বিপুল সম্পদের অবস্হানের কথা জানা যায়। দ্বিতীয় দফায় সব মিলিয়ে ৩২ কোটি রুপিরও বেশি অর্থ, স্বর্ণ উদ্ধার ও বাজেয়াপ্ত করে ইডি। এরপরই তৃণমূল কংগ্রেস পার্থ চ্যাটার্জিকে সরকার ও দলের সব পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেয়।
গতকাল বৃহস্পতিবার নির্দেশিকা জারি করে পশ্চিমবঙ্গ সরকার পার্থ চ্যাটার্জিকে শিল্পমন্ত্রীর পদ থেকে অপসারণের সিদ্ধান্ত জানায়। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কলকাতায় এক সাংবাদিক বৈঠক করে শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পার্থ চ্যাটার্জিকে দলের মহাসচিবসহ সব পদ থেকে অপসারণের সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, যতদিন না তদন্ত শেষ হচ্ছে ততদিন পার্থ চ্যাটার্জি দল থেকেও সাসপেন্ড থাকবেন। তিনি আইনের চোখে নিজেকে নির্দোষ প্রমাণিত হলে তখন পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। অভিষেক জানান, দুর্নীতির সঙ্গে আপস করার কোনো প্রশ্ন ওঠে না। এই বিষয়ে আমরা জিরো টলারেন্সে বিশ্বাসী! এই টাকার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। দলের টাকা হলে তো তা দলীয় দপ্তর থেকে উদ্ধার করা হতো! তা তো হয়নি! ঐ টাকা উদ্ধার হয়েছে ব্যক্তি বিশেষের বাড়ি থেকে।
পার্থ চ্যাটার্জিকে দলের মহাসচিব পদ থেকে সরানো হলেও নতুন কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। দলের মুখপাত্রের সম্পাদকদের দায়িত্ব দেওয়া হয়েছে এমপি সুখেন্দুশেখর রায়কে। পার্থ চ্যাটার্জিকে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি থেকেও সরিয়ে দেওয়া হয়েছে।
পরে এক অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, নতুন মন্ত্রিসভা গঠন করা হবে। শিল্প দপ্তরের পাশাপাশি তথ্য প্রযুক্তি, ইলেকট্রনিক্স এবং পরিষদীয় দপ্তরও পার্থ চ্যাটার্জির হাতে ছিল। মমতা বলেন, পার্থ চ্যাটার্জির দপ্তরগুলো আপাতত আমার দায়িত্বে থাকছে।
