পাবিপ্রবিতে ভর্তি পরীক্ষা শুরু শনিবার

আপডেট : ২৯ জুলাই ২০২২, ০৩:৪৫

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল শনিবার। গুচ্ছ পদ্ধতিতে তিন ধাপে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। প্রথম দিনে ‘ক’ (বিজ্ঞান) ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে জানা গেছে, এবার গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় ২২টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করছে। গুচ্ছ পদ্ধতিতে আবেদনকারী শিক্ষার্থীরা পছন্দমতো ২২টি বিশ্ববিদ্যালয়ের যে কোনোটিতে ভর্তি পরীক্ষা দিতে পারবেন। তবে আবেদনকারী শিক্ষার্থীদের মধ্যে পাবনার কেন্দ্রগুলোতে তিনটি ইউনিটে সরাসরি পরীক্ষায় অংশগ্রহণ করবেন ১৭ হাজার ৪৩৮ জন। 
এর মধ্যে ‘ক’ ইউনিটে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাড়া আরো ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা নেওয়া হবে। শনিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ক ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাফিজা খাতুন ইত্তেফাককে বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে যাবতীয় প্রস্ত্ততি সম্পন্ন করা হয়েছে। পরীক্ষার দিন বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক সব কাজ বন্ধ থাকবে। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছাড়া কেউ কোনো কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। 

ইত্তেফাক/জেডএইচডি