চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ আরোহী নিহতের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে।
শুক্রবার (২৯ জুলাই) দুপুর ২টার দিকে দুর্ঘটনার পরপরই বিভাগীয় পার্সোনেল অফিসার (ভারপ্রাপ্ত) আনছার আলীকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়। বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মুহম্মদ আবুল কালাম চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার খৈয়াছড়া এলাকায় মহানগর প্রভাতী ট্রেনের ধাক্কায় পর্যটকবাহী মাইক্রোবাসের ১১ আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ৬ আহত হয়েছেন। একজন দুর্ঘটনার সময় লাফ দিয়ে মাইক্রোবাস থেকে নেমে যাওয়ায় অক্ষত আছেন।
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন বলেন, ‘মাইক্রোবাস চালক-হেলপারসহ ১৮ জন ছিলেন। তারা খৈয়াছড়া ঝরনা দেখে ফেরার সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতীর ধাক্কায় মাইক্রোবাসের ১১ আরোহী নিহত হন। আহত ৬ জন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।’
