চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত মাইক্রোবাসের ৫ আরোহীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৮ ও ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) মো. সাদিকুর রহমান ইত্তেফাককে জানিয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীনরা হলেন, তৌকিদ ইবনে শাওন, তাসমির পাভেল, মো. মাহিম, মো. সৈকত ও তানভীর হাসান হৃদয়।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, ‘আমরা জানতে পেরেছি দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটিতে ১৮ জন ছিল। এদের মধ্যে ঘটনাস্থলে ১১ জন মারা গেছে। ৬ জনকে চমেক হাসপাতালে নেওয়া হয়েছে। একজন দুর্ঘটনার সময় লাফ দিয়ে মাইক্রোবাস থেকে নেমে যাওয়ায় অক্ষত আছেন। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
জানা গেছে, মিরসরাইয়ে দুর্ঘটনায় হতাহত মধ্যে ১৬ জন যুগীরহাট এলাকার আরঅ্যান্ডজে কোচিং সেন্টারের শিক্ষক ও শিক্ষার্থী। বাকি দুইজন দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসের চালক ও হেলপার। হতাহতদের মধ্যে ১৫ জনের নাম-পরিচয় জানা গেছে। এদের মধ্যে ১০ জন এসএসসি পরীক্ষার্থী ও উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থী। এরা হলেন, শাওন, হিসাম, আয়াত, সৈকত, মারুফ, তাসমির, হাসান, ইমন, হৃদয় ও মাহিম। বাকি ৫ জনের মধ্যে রয়েছেন- কোচিং সেন্টারের শিক্ষক জিসান, রেদোয়ান, সজীব ও রাকিব এবং মাইক্রোবাসচালক মোস্তফা কামাল। সহকারীর নাম জানা যায়নি।

ট্রেনের ধাক্কায় নিহত ১১: ক্রসিংয়ের গেটম্যান আটক