চাঁদপুরে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের ধাক্কায় রিকশার তিন আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৯ জুলাই) রাত সাড়ে ৯টায় চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাগরা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর মডেল থানার ওসি মো. আবদুর রশিদ।
নিহতরা হলেন, ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া এলাকার সাইফ গাজীর ছেলে রিপন গাজী (৩৫), কাচিয়ারা গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে মাসুদ পাটওয়ারী (৫০) ও একই গ্রামের লিটন হাজারী (৪৫)। এছাড়া রিকশাচালক খোরশেদ শেখ (৬৫) আহত হয়ে চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রিপন গাজীর শাশুড়ি হাসিনা বেগম বলেন, আমার মেয়ের জামাই মেকানিকাল কাজ করতো। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। কাজ শেষে বাড়ি আসার কথা ছিল। কী থেকে কী হয়ে গেল।
মাসুদ পাটওয়ারীর ভাই আবদুল আলাউল বলেন, আমার ভাই স’ মিলে কাজ করে। রিকশায় আসার সময় দুর্ঘটনায় মারা যান।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. সৈয়দ আহমেদ কাজল বলেন, দুর্ঘটনায় একজন যাত্রী ঘটনাস্থলে নিহত হন। বাকি দুইজন ইমারজেন্সিতে মারা যান। তবে দুর্ঘটনায় আহত রিকশাচালক শঙ্কামুক্ত রয়েছেন।
চাঁদপুর মডেল থানার ওসি মো. আবদুর রশিদ জানান, একটি রিকশায় ৩ যাত্রী চাঁদপুরের দিকে আসছিল। আর বিপরীত দিক থেকে গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাকের ধাক্কা লাগে। এতে রিকশার ৩ যাত্রীই প্রাণ হারান। তবে রিকশা চালক আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পর পালানোর সময় ফরিদগঞ্জ থেকে ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।

ঝরনা দেখার আনন্দ রূপ নিলো বিষাদে!