খুলনা সিটির ট্রাক চাপায় বৃদ্ধ নিহত

আপডেট : ৩০ জুলাই ২০২২, ১৫:৪৫

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ময়লাবাহী ট্রাকের চাপায় আব্দুল জলিল হাজী (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। 

শনিবার (৩০ জুলাই) সকাল ১০টার দিকে নগরীর জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল জলিল নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার মৃত চাঁদ আলী গাজীর ছেলে। তিনি একটি মৎস্য খামারে কাজ করতেন। 

স্থানীয়রা জানান, জলিল বাইসাইকেল চালিয়ে নগরীর নীচখামার এলাকা থেকে জিরো পয়েন্টের দিকে আসছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা কেসিসির ময়লা বহনকারী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে জলিল রাস্তায় ওপর ছিটকে পড়লে ট্রাকের চাকা তার মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে হরিণটানা থানার পুলিশ ঘটনাস্থলে আসে।

কেসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুল আজিজ জানান, একটি ইজিবাইককে বাঁচাতে গিয়ে আমাদের একটি ট্রাকের ধাক্কা লেগে এক বৃদ্ধ রাস্তায় পড়ে যায়। পরে তার মৃত্যু হয়েছে বলে শুনেছি।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে কিসের সঙ্গে দুর্ঘটনা ঘটেছে সেটা এখনও পরিষ্কার নয়।

ইত্তেফাক/এমএএম